ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা, সমাধিতে গিয়ে নিলেন শপথ

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা, সমাধিতে গিয়ে নিলেন শপথ

দীর্ঘ বিরতির পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।

রোববার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। পরে তাঁরা সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় নেতা-কর্মীরা শপথ নিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন-সংগ্রাম চলবে। পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম তাঁদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরাও শ্রদ্ধা জানান।

এর আগে ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সর্বশেষ সেখানে শ্রদ্ধা জানিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রেখে সমাধিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল প্রশাসন।