চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে এক সন্ত্রাসী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গুলির পর ফোন করে ওই ব্যক্তিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ঘরের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।
জাফর আহমদের অভিযোগ, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা এ হামলা চালান। পরে রায়হান ফোন করে বলেন, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুটি মোটরসাইকেলে আসা চারজন গুলি করে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে।
