ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি আবেদন: পাঁচ ধাপে সম্পন্ন করতে হবে প্রক্রিয়া

ঢাবিতে ভর্তি আবেদন: পাঁচ ধাপে সম্পন্ন করতে হবে প্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনা অনুযায়ী, প্রথমে ভর্তি ওয়েবসাইটে লগইন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল নম্বর এবং শিক্ষা বোর্ডের তথ্য দিতে হবে।

দ্বিতীয় ধাপে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও ই-মেইল, অভিভাবকের পরিচয়পত্র নম্বর ও পেশা, কোটা এবং পছন্দের ইউনিটের তথ্য দিতে হবে।

তৃতীয় ধাপে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ছবি আপলোড করতে হবে। ছবির প্রস্থ কমপক্ষে ৪৫০ এবং উচ্চতা ৫৫০ পিক্সেল হতে হবে। ছবির আকার ২০ কেবি এবং ফরম্যাট JPG বা JPEG হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হবে।

চতুর্থ ধাপে টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন, রবি বা এয়ারটেলের ব্যক্তিগত নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড নিতে হবে।

সবশেষে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং নির্ধারিত চারটি ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।