বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা তল্লাশি শুরু করেন।
বুধবার সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা শীলখালী রেঞ্জের বনাঞ্চলে অনুসন্ধান চালান। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে দুপুরে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, গভীর বনে হাতিটির অবস্থান শনাক্তের পর ট্যাঙ্কুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসা শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল প্রয়োজনীয় চিকিৎসা দেয়।
চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষত পাওয়া যায়। এর মধ্যে দুটি পায়ে এবং ছয়টি শরীরের অন্যান্য স্থানে রয়েছে বলে জানান তিনি।
