বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত জেলা জজদের জন্য গাড়ি ও সার্বক্ষণিক গানম্যানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।
রোববার ঢাকায় ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইনসচিব বলেন, আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। দুই বিচারক জীবন দিয়ে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন।
সভায় বক্তারা আদালত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি আদালত এলাকায় ককটেল হামলার প্রসঙ্গ তুলে ধরেন।
অনুষ্ঠানে ২০০৫ সালের ১৪ নভেম্বরের হামলার স্মৃতিচারণা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল। এ সময় নিহত দুই বিচারকের পরিবারের সদস্যদের হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুদানের চেক দেওয়া হয়।
