ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগে ধর্ম বদল, প্রাণনাশের হুমকি—শর্মিলার জীবনের সেই ঘটনা সামনে আনলেন মেয়ে

বিয়ের আগে ধর্ম বদল, প্রাণনাশের হুমকি—শর্মিলার জীবনের সেই ঘটনা সামনে আনলেন মেয়ে

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদির প্রেম ও বিয়ে একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের বিয়েতে পারিবারিক ও সামাজিক বাধা তৈরি হয়েছিল। এবার সেই সময়ের নানা ঘটনা নিয়ে কথা বলেছেন তাঁদের মেয়ে সাবা আলী খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা জানান, বিয়ের আগে শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা সুলতানা নাম নেন। মনসুরের পরিবারের সম্মতি পেতে ধর্মান্তরের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি।

১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর বিয়ে করেন শর্মিলা ও মনসুর। বিয়েকে কেন্দ্র করে শর্মিলার পরিবারের কাছে প্রাণনাশের হুমকিও এসেছিল। এক সাক্ষাৎকারে শর্মিলা জানিয়েছিলেন, কলকাতায় বিয়ের প্রস্তুতির সময় তাঁর মা-বাবার কাছে হুমকিসংবলিত টেলিগ্রাম পাঠানো হয়েছিল।

তবে ধর্মান্তরের পরও চলচ্চিত্রে শর্মিলা ঠাকুর নামেই অভিনয় চালিয়ে যান তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় সাইফ, সাবা ও সোহা আলী খান। ২০১১ সালে মনসুরের মৃত্যুর মধ্য দিয়ে তাঁদের ৪৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।