বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র দিসানায়েকের হাতে তুলে দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমন্ত্রণ সাদরে গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি জানান, সম্পর্ক আরও জোরদারে বর্তমান সরকার আগ্রহী। এ সময় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও অবহিত করেন তিনি।
