ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: দুই সাবেক কর্মকর্তার বিচার শুরুর আবেদন

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: দুই সাবেক কর্মকর্তার বিচার শুরুর আবেদন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানানো হয়। শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান বলেন, দুই আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। মামলায় ৫২ জন সাক্ষীর জবানবন্দি এবং ৯৩৬ পৃষ্ঠার তথ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসিকিউশনের দাবি, বিচার শুরুর জন্য প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ রয়েছে। শুনানি শেষে জাহাংগীর আলমের পক্ষে আইনজীবী মো. মজিবুর রহমান তাঁর মক্কেলকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। এ সময় জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অপর আসামি ধনঞ্জয় কুমার দাস পলাতক। তাঁর পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ রয়েছে।

গত ২৭ আগস্ট ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। অভিযোগে আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন।