গ্রামীণ সড়ক ও সেতু উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল খননসহ বিভিন্ন অবকাঠামো খাতে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন পায়।
অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে।
স্থানীয় সরকার খাতে বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়ক, দীর্ঘ সেতু ও অবকাঠামো উন্নয়ন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের প্রকল্প রয়েছে। পানি সম্পদ খাতে খাল-নদী খনন, জামালপুর ও বরিশালে নদীভাঙন প্রতিরোধ এবং তুরাগ নদী সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া কৃষি, প্রতিরক্ষা, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সড়ক যোগাযোগ খাতের প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।
