ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ ভোটমুখী হলে দেশে বিশৃঙ্খলা কমে আসবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যথাসময়ে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
এনআইডি সেবা প্রসঙ্গে সিইসি জানান, নাগরিকদের ভোগান্তি, হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
