দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে। প্রাথমিক পরীক্ষায় কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান পরীক্ষামূলক গ্রিড সংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার এ পরীক্ষায় বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর, টারবাইন, জাতীয় গ্রিডের সক্ষমতা এবং সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সরবরাহ করা যাচ্ছে কি না, তাও যাচাই করা হবে।
চেয়ারম্যান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর ধারাবাহিক পরীক্ষা চালানো হয়েছে। এসব পরীক্ষার পর প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশ পরীক্ষা করা হচ্ছে। উৎপন্ন বাষ্পের শক্তিতে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে।
তবে পরীক্ষামূলক গ্রিড সংযোগ মানেই পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আগে নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে আরও ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।
প্রকল্পের উপপরিচালক ড. খালেকুজ্জামান জানান, মঙ্গলবার গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষার ফলাফল আগের ধাপগুলোর কার্যক্রমের ওপর নির্ভর করবে। এতে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এবং গ্রিড তা গ্রহণ করতে পারছে কি না, তা যাচাই করা হবে। ফল সন্তোষজনক হলে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
