ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম

খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টারের সাইনবোর্ড থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক কাউন্টারের সামনে এসে প্রথমে সাইনবোর্ড থেকে নামটি মুছে দেন। পরে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।

কাউন্টারের টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে নাম মুছে দিয়ে চলে যান। তবে তারা ভাঙচুর বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।

খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, নেতা-কর্মীদের আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে। তাঁর দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।

খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।