পণ্য পরিবহনে রেলের অংশ বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প নিয়েছে সরকার। ইঞ্জিন যুক্ত হলে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ঋণ দেবে ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, পুরোনো ইঞ্জিনের সংকটে ট্রেন পরিচালনা ব্যাহত হচ্ছে। নতুন ৩০টি লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট কমবে এবং পণ্য পরিবহনের সুযোগ বাড়বে।
রেলওয়ের বহরে ১৬৪টি মিটারগেজ লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১১৫টির আয়ুষ্কাল শেষ হয়েছে; ৬২টির বয়স ৪০ বছরের বেশি। দেশের অভ্যন্তরীণ পণ্যের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে পরিবহন করা হয়।
প্রকল্পে খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম ও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। তবে পণ্য পরিবহন বাড়াতে ওয়াগন, ওঠানো-নামানোর সুবিধা এবং বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগ উন্নয়ন প্রয়োজন।
