সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাঁকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিছনাকান্দি বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, আটকের পর ওই সদস্যকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে আটক সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
