ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারা, খোঁজ নিচ্ছে সরকার

সরকারি কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারা, খোঁজ নিচ্ছে সরকার

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি করছে সরকার। তবে এই নজরদারি কীভাবে করা হচ্ছে, তা প্রকাশ করেননি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে সমস্যা নেই। তবে সরকারি চাকরিতে থাকা অবস্থায় দলটির সঙ্গে যুক্ত থাকাটা গুরুতর বিষয়।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় রয়েছে। তবে তদারকির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।