গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে ছয়টি জাহাজের কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল আটটা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।
বন্দর সূত্রে জানা গেছে, টার্মিনাল দুটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এর মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে। সিসিটিও বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে দুই টার্মিনালের প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও প্রণোদনাসহ পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন।
বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হতে পারে।
