ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগ ইরানের বিরুদ্ধে

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগ ইরানের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বিস্ফোরক হামলার পরিকল্পনা করছে ইরান—এমন ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ইরান এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো ইরানের এই পরিকল্পনাকে আসন্ন হামলার নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখছে না। বরং তাদের ধারণা, তেহরান সম্ভাব্য বিকল্প হাতে রাখার চেষ্টা করছে। তবে দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে আসা পরিকল্পনায় নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। এ কারণে দেশটিতে জরুরি মোকাবিলার প্রস্তুতি শুরু হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে মাতৃভূমির প্রতি কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’

মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটিকে চলমান সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধের চাপে থাকা ইরানের সংঘাত বাড়ানোর সম্ভাব্য ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন। সূত্রগুলোর ভাষ্য, তেহরান যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে। তবে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

একটি সূত্র বলেছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের পর্যাপ্ত লোকবল আছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তবে হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তাদের তৎপরতা গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা কয়েকটি বৈঠক করেছেন। একটি সূত্র এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ’ বলে বর্ণনা করেছে। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে সিক্রেট সার্ভিস অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনাসহ বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই এ ধরনের তৎপরতার কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। এসব পরিকল্পনার বড় অংশ বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার ওপর কেন্দ্রীভূত ছিল।

যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা নিয়ে বিতর্ক

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ঝুঁকির মুখে থাকতে পারে। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ‘ডার্টি বোমা’ তৈরি করা যায়। এ ধরনের হামলার জন্য ইরানকে প্রশিক্ষিত কর্মী যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে না; দেশটিতে অবস্থানরত কাউকে রাজি করানোর মাধ্যমেও পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা সম্ভব বলে কর্মকর্তাদের ধারণা।

একটি সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, ইরান এরই মধ্যে দেশটিতে পারমাণবিক উপাদান বা রাসায়নিক এজেন্ট মজুত করে রাখতে পারে।

গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে, গত এক দশকের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের সীমান্তে নিরাপত্তার ঘাটতি থাকায় দেশটির ভেতরে এমন ব্যক্তিদের প্রবেশ করানো সহজ ছিল, যারা বোমার সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন করতে পারেন।

অন্য একটি সূত্রের মতে, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের অনেকে মনে করেন, আগে থেকে মজুত করা পারমাণবিক উপাদান কয়েক দশক না হলেও বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকতে পারে। ওই সূত্রের ভাষ্য, ইরানের সক্ষমতা বাড়েনি; বরং তাদের উদ্দেশ্যে পরিবর্তন এসেছে।

এ বিষয়ে প্রতিরক্ষা বিভাগ জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বললেও সংশ্লিষ্ট দপ্তরগুলো মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনের এক মুখপাত্র অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ বিষয়ে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

ডার্টি বোমা কী

ডার্টি বোমা পারমাণবিক বোমা থেকে আলাদা। পারমাণবিক বোমা ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিপুল ধ্বংসযজ্ঞ ঘটায়। অন্যদিকে ডার্টি বোমায় প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমা কয়েকটি ব্লক বা কয়েক মাইল এলাকাজুড়ে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। তবে এতে হতাহতের প্রধান কারণ হয় বিস্ফোরণ। এ ধরনের অস্ত্র তৈরির সবচেয়ে কঠিন দিক হলো তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।

গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে, এ ধরনের অস্ত্রের মূল উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা; নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা নয়। বিস্ফোরণের পাশাপাশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে মানুষকে অসুস্থ করা এবং নির্দিষ্ট এলাকাকে বসবাসের অনুপযোগী করে তোলা এর সম্ভাব্য পরিণতি।

নজরদারি আইন নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে পারে আগেভাগে এ ধরনের ষড়যন্ত্র শনাক্ত করা। বিদেশিদের যোগাযোগ সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। তবে জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করেছেন, কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ার হারাতে পারে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় কক্ষের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের যুক্তি, বিলম্ব হলে ‘গ্যাং অব এইট’কে অবহিত করা এবং দেশের ভেতরে থাকা মার্কিন নাগরিক ও বিদেশে মোতায়েন সেনাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে—এমন আরেকটি গোয়েন্দা তথ্যও পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই।

সিএনএনের একটি সূত্র জানিয়েছে, এ উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যেই নতুন হুমকির এই খবর সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও শত্রুতা বন্ধের বিষয়ে দুই দেশের আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি। আঞ্চলিক একটি সূত্রের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহ যেকোনো চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর বিদ্রোহী অংশগুলো সংঘাত জিইয়ে রাখতে হামলা চালিয়ে বাধা সৃষ্টি করতে পারে।

এক মার্কিন কর্মকর্তার মতে, মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে কী ধরনের পাল্টা আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, তা ইরান জানে। তবে ইরানি নেতারা যদি মনে করেন, তাঁদের শাসনের অস্তিত্ব সংকটে পড়েছে, তাহলে তাঁরা সেই ঝুঁকি নেওয়াকে যৌক্তিক মনে করতে পারেন।