রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।
রোববার চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা। তিনি জানান, জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হিসেবে নিজের যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন তিনি।
মাসুমার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও তাঁর স্বামী কোনো বাড়তি সুবিধা নেননি। তাঁর আয়ের ওপর পরিবারের ১২ সদস্য নির্ভরশীল।
এর আগে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে বার্তা দেওয়ার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন পুলিশের এক কর্মকর্তা।
শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তাঁর স্ত্রী অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন।
