ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এর আগে তাকে নজরদারিতে রাখা হয়েছিল এবং তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।

জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগে তাকে তলব করা হয়েছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তার বাবার অংশগ্রহণ এবং বাংলাদেশকে উদ্ধারের কথাও উল্লেখ ছিল বলে জানান ওই কর্মকর্তা। এজাহারে এ ধরনের আরও কিছু কথোপকথনের উল্লেখ রয়েছে।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানা গেছে।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন।