বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ২৬৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।
তালিকায় ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৭৮ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় চতুর্থ এবং ১৭৫ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ার শহরগুলোর তাৎক্ষণিক বায়ুমান সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
