সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং দেশটিতে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ছিল।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন।
পরবর্তী সময়ে আপিল আদালত ও সুপ্রিম কোর্টও এ রায় বহাল রাখেন। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। শনিবার পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে সৌদি আরব অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
