ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ তৈরি হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য স্বল্পোন্নত ও নিম্ন-মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে উৎসাহিত করাও এ বৃত্তির উদ্দেশ্য।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া যুক্তরাজ্যে যাওয়া ও দেশে ফেরার বিমানভাড়া এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৭১২ পাউন্ড এবং লন্ডন মহানগর এলাকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২ হাজার পাউন্ড পাবেন।

গবেষণাপত্র বা থিসিস তৈরির জন্য অনুদান, শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণ ব্যয় এবং অতিরিক্ত মালপত্র পরিবহনের খরচও দেওয়া হবে। বিধবা, তালাকপ্রাপ্ত ও অবিবাহিত একক অভিভাবক শিক্ষার্থীদের সন্তানদের জন্য রয়েছে বিশেষ ভাতার ব্যবস্থা।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

কলা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে ছয়টি উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো—বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন; উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার; বৈশ্বিক সমৃদ্ধি; স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন; সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট দেশের শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তি কিংবা ব্রিটিশ প্রটেক্টেড পারসনরাও আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা শুরুর প্রস্তুতি থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর (২:১) ফল থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির নিম্নতর (২:২) ফলধারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

এ ছাড়া উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা কিংবা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না। বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে