রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘুসির আঘাতে জুয়েল (৩২) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েক হাজার টাকা পাওনা নিয়ে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারির সময় ইব্রাহীমের ঘুসিতে মাটিতে পড়ে অচেতন হয়ে যান জুয়েল।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
