ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মেসিতে গুলি, ধাওয়া করতেই রামদা নিয়ে হামলাকারীদের হুমকি

ফার্মেসিতে গুলি, ধাওয়া করতেই রামদা নিয়ে হামলাকারীদের হুমকি

রাজধানীর মোহাম্মদপুরে একটি ফার্মেসিতে গুলি ছোড়ার পর পালানোর সময় ধাওয়া করা হলে রামদা বের করে ভয় দেখানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে যায়।

শুক্রবার রাত ১১টার দিকে বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ফার্মেসির কর্মীদের ভাষ্য, হেলমেট পরা দুজন গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করলে তাঁদের একজন রামদা বের করেন। পরে তিনজন একটি মোটরসাইকেলে পালিয়ে যান।

প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হাসান নুর ইসলামের অভিযোগ, এর আগে তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার হুমকি দেওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে তাঁর ধারণা।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।