ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ কমেছে ৯ হাজার কোটি টাকা, তবু ব্যাংক খাতে বড় উদ্বেগ

খেলাপি ঋণ কমেছে ৯ হাজার কোটি টাকা, তবু ব্যাংক খাতে বড় উদ্বেগ

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমলেও মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখনো অনাদায়ি। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার পাশাপাশি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। জুন শেষে এ পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার কোটি টাকা বা ৩২ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন, ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওয়ান-টাইম এক্সিট সুবিধা এবং ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি করছে। খেলাপিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ তারল্য সংকটের অন্যতম কারণ। অনেক ব্যাংক আমানতকারীদের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিয়েছে।

র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফের মতে, ইচ্ছাকৃত খেলাপি ও মন্দায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আলাদাভাবে বিবেচনা করতে হবে। বড় খেলাপিদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা স্পষ্ট করার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।