ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

  কর্মীর মৃত্যুর পরও ২৯ বছর বেতন দেবে রেনাটা

  কর্মীর মৃত্যুর পরও ২৯ বছর বেতন দেবে রেনাটা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। নিহত মো. আসাদুজ্জামানের অবসরের বয়স পর্যন্ত আগামী ২৯ বছর তাঁর পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আসাদুজ্জামান (৩১) রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁর তিন শিশুসন্তান রয়েছে।

রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার জানান, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অবসরের বয়স ৬০ বছর। সে হিসাবে আসাদুজ্জামানের চাকরির মেয়াদ আরও ২৯ বছর ছিল। এ সময় পর্যন্ত তাঁর পরিবার নিয়মিত বেতন-ভাতা পাবে। পাশাপাশি থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধা।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন আসাদুজ্জামানের জানাজায় এ ঘোষণা দেন। রেনাটা জানিয়েছে, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত কর্মীদের পরিবারকে সহায়তা দেওয়ার নজির তাদের রয়েছে।

আসাদুজ্জামানের পরিবারে রয়েছেন মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিবারের সদস্যদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই প্রয়োজনীয় নথিপত্রের কার্যক্রম সম্পন্ন হবে।