ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মাসেও মেলে না এনআইডি সেবা, ক্ষোভ প্রকাশ সিইসির

১০ মাসেও মেলে না এনআইডি সেবা, ক্ষোভ প্রকাশ সিইসির

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেও ছয় মাস থেকে কয়েক বছর পর্যন্ত সেবা না পাওয়ার অভিযোগে বিব্রত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নাগরিক হয়রানি ও দুর্নীতি বন্ধে দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এনআইডি সেবা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রতিদিন তাঁর কাছে আসা ডাকের মধ্যে ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। দীর্ঘদিন অপেক্ষা করেও সেবা না পাওয়ার অভিযোগ তাঁকে বিব্রত করে।

তিনি কর্মকর্তাদের ন্যূনতম কাগজপত্রের ভিত্তিতে সেবা দেওয়ার আহ্বান জানান। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে মুঠোফোনে বার্তা পাঠানো এবং প্রয়োজনে মেমো নম্বর দেওয়ার নির্দেশনাও দেন।

সিইসি বলেন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তিতে পিছিয়ে থাকা নাগরিকদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য সেবা সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।