ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের অংশ ভাঙচুর করা হয়।

কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী অভিযোগ করেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী হামলায় অংশ নেন। হামলাকারীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে থাকা ব্যক্তিরা নিরাপত্তার কারণে সরে যান।

তিনি দাবি করেন, প্রশাসকের কার্যালয়কে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা এর কারণ হতে পারে বলে তাঁর ধারণা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।