ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ৪৭০০ ফ্লাইট

চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ৪৭০০ ফ্লাইট

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যোগাযোগে ত্রুটির কারণে দেশজুড়ে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট চলাচল। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী।

স্থানীয় সময় শুক্রবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে ফ্লাইট সূচি স্বাভাবিক হতে কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিরিয়ামের হিসাবে, প্রায় ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো প্রযুক্তি ও রাউটারে অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো নিরাপত্তা হুমকি বা সাইবার হামলার ঘটনা নয়। শিকাগোর মিডওয়ে বিমানবন্দর থেকে সমস্যার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।