ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত

আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতা-কর্মীরা ব্যক্তিগতভাবে অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সমাবেশটি আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়ে থাকলে তা আইনবিরোধী। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলেই বিদেশ থেকে আসা-যাওয়ায় বাধা সৃষ্টি হয় না। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, সেটি খতিয়ে দেখতে হবে।