বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো চিকিৎসার জন্য একজন গ্রাহককে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো ১৫ হাজার ডলারের বেশি অর্থ ছাড়ের জন্য।
এ ছাড়া বিদেশে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ পাঠাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পেশাগত ও সনদভিত্তিক কোর্স এবং দূরশিক্ষণের মাধ্যমে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদিত ব্যাংকগুলোকে পূর্বানুমতি ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিধিবিধান অপরিবর্তিত থাকবে।
