একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘ ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচে পারদর্শী মোনালিসা স্কুলজীবনেই ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং জগতে আত্মপ্রকাশ করে রাতারাতি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে 'লিলি'র বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়তা পান এবং অরুণ চৌধুরীর ‘কাগজের ফুল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন।
তার এই সাফল্যের পেছনে মায়ের অবদানকে প্রধান উল্লেখ করে তিনি জানান, অনেক বাণিজ্যিক চলচ্চিত্রের প্রস্তাব পেলেও তিনি নাটক ও বিজ্ঞাপনেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে 'টম ফোর্ড বিউটি'র ম্যানেজার এবং একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন। শোবিজ থেকে দূরে থাকলেও দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে এখনও প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি।
