জাতীয় সংসদ নির্বাচনে জয় নিয়ে ঢাকায় ফিরে আসেন সাকিব আল হাসান। নির্বাচনের পরদিনই তাকে ব্যাট নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গেছে। কারণ, দিন দশেকের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিপিএল। তাই, বিপিএল এখন সাকিবের পরবর্তি টার্গেট।
১৯ জানুয়ারি দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দশম আসর। এবার বিপিএলে খেলতে দেখা যাবে দুজন সাংসদকে! মাশরাফি বিন মর্তুজা সাংসদ হিসেবে আগেও খেলেছেন এই আসরে। এবার তার সঙ্গে যোগ হলেন সাকিবও।
সাকিব-মাশরাফির নির্বাচন নিয়ে অন্য ক্রিকেটারদের ব্যস্ততাও দেখা গেছে গত কিছুদিন। সাকিবের প্রচারণায় জাতীয় দল ও ঘরোয়া পর্যায়ের অনেক ক্রিকেটারকে দেখে গেছে মাগুরায়। তাদের সেসব প্রচারণার খবর এই কদিন আলোচনায় ছিলো তুমুলভাবে।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রখ্যাত ক্রিকেট প্রশিক্ষক ও ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে কাজ করেন সাকিব। বিশ্বকাপে আঙুলে পাওয়া চোট কাটিয়ে গত কদিন পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।
সাকিব এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মঙ্গলবার থেকে দলটি বিপিএলের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করছে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তারা।
