দীর্ঘ আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। পুনর্বহালের পাশাপাশি তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতাও পাবেন।
মঙ্গলবার দুদকের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ৫ নভেম্বর কমিশনের সভায় আদালতের রায় ও তাঁর আবেদন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ। ২০২৫ সালের ৯ জুলাই আদালত তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। দুদক পরবর্তী সময়ে আপিলের আবেদন প্রত্যাহার করলে পুনর্বহালের পথ সুগম হয়।
