২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা ও অবিচারের শিকার হওয়া তিন বাহিনীর ১৫০ জন সাবেক কর্মকর্তাকে সসম্মানে পুনর্বহাল করেছে সরকার। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার বাধ্যতামূলক অবসর বাতিল করে স্বাভাবিক অবসর এবং ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত জানানো হয়।
সুবিধাপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। এই আদেশের ফলে তাঁরা বকেয়া বেতন-ভাতা পাবেন। ক্ষতিপূরণ হিসেবে পদমর্যাদা অনুযায়ী এককালীন ৩০ লাখ থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিশেষ আর্থিক প্রণোদনা, সরকারি প্লট বা ফ্ল্যাট এবং যোগ্যতা সাপেক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে পুনরায় পদায়নের আকর্ষণীয় সুযোগ রাখা হয়েছে।
পুনর্বহালকৃত উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহিল আমান আযমী, যাঁকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতিসহ এক কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া এসএসএফের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী এবং সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিমকেও স্বাভাবিক অবসরের মর্যাদা দিয়ে সমস্ত বকেয়া বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
