ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আইটেম গান নিয়ে যা বললেন নায়িকা পূজা

আইটেম গান নিয়ে যা বললেন নায়িকা পূজা

কলকাতার সিনেমায় পরিচিত মুখ পূজা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকদিন ধরেই মূলধারার সিনেমাতে দেখা মিলছে না তার। কেন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে গেলেন এই অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, এখন আর তেমন কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, তবে তিনি বিশ্বাস করেন পুরনো জায়গা আবারও ফিরে পাবেন।

সাক্ষাতকারে পূজা বলেন, কনটেন্ট বেসড সিনেমায় আমাকে কেউ নেয় না। সবাই আমাকে দিয়ে আইটেম গানে নাচাতে চায়, এই ধারার সিনেমাতে আমাকে নিয়ে খুব একটা কেউ ভাবে না।

শুধু কলকাতাতেই নয় মুম্বাইয়েও কাজ করেছে পূজা। হিন্দি বেশ কিছু সিনেমায় দেখা মিলেছে তার। মা হওয়ার পরও সমানতালে দুই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও দুই ইন্ডাস্ট্রিতে কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নায়িকার জন্য।

এ বিষয়ে পূজা বলেন, আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে, সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।

সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন পূজা। ডিস্কো ডান্সারের সঙ্গে সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে নায়িকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি কাজ করেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন নায়িকা।